নরসিংদীতে ‘চাঁদা’ না পেয়ে হোটেল মালিককে গুলি
নরসিংদীর একটি আবাসিক হোটেলে ‘চাঁদা’ না পেয়ে মালিককে গুলি করেছ সন্ত্রাসীরা।
সোমবার বিকালে নরসিংদী বাজারের ওই আবাসিক হোটেলের মালিককে গুলি করার পর তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটক ব্যক্তিরা হলেন- রাসেল ইসলাম রাজন (২২), শান্ত সাহা (১৮) ও তুষার সূত্রধর (২০)।
এদের মধ্যে রাসেলকে এর আগেও অস্ত্রসহ ধরা হয়েছিল বলে জানিয়েছেন নরসিংদী থানার ওসি মো. আসাদুজ্জামান। রাসেল উপজেলার শাহে প্রতাম গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।
আটকের পর তাদের কাছে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ১ রাউণ্ড তাজা গুলি ও একটি গুলির খোসা পাওয়া যায়।
গুলিতে আহত হোটেল মালিকের নাম আব্দুল কাদির শেখ (৬০)।
নরসিংদী থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা তাকে পায়ে গুলি করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
