ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
জ্বালানি তেলবাহী ট্যাংকলরিকে হরতালের আওতামুক্ত ঘোষণা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেন ট্যাংকলরি শ্রমিকরা।
এদিকে ধর্মঘটের কারণে বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত রিভারাইন অয়েল ডিপো বিপিসি’র পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে সব ধরনের জ্বালালি তেলের সরবরাহ বন্ধ রয়েছে।
ওই নৌ-বন্দর থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন প্রায় সাড়ে ৫শ’ তেলবাহী ট্যাংকলরি চলাচল করে।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেফাজতে ইসলামের হরতাল চলাকালে বগুড়ার শেরপুর থেকে বাঘাবাড়ী আসার পথে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার শ্রীকোলা মোড়ে একটি ট্যাংকলরি হরতাল সমর্থকদের হামলার মুখে পড়ে। তারা ট্যাংকলরিটি ভাংচুর ও চালক-হেলপারকে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা জরুরি বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।
