২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আওয়ামী লীগ নেতা নওশের খান নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোবাবার মধ্যরাতে নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী রহিমা আক্তার শিউলী বাদি হয়ে ৪৯ হেফাজত নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করে ভাঙ্গা থানায় মামলাটি  দায়ের করেন।

ভাঙ্গা থানার ওসি দাদন ফকির সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

গত শনিবার উপজেলার হাসামদিয়া মাদানীনগর মাদ্রাসা এলাকায় ওই হামলায় আওয়ামী লীগের নাসিরাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সভাপতি নওশের খান নিহত হন।

এ ঘটনায় ওই রাতেই দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে হেফাজতের ৬৬ নেতাকর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো অনেককে আসামি করে একটি মামলা করে।

এ মামলায় হেফাজতের ১৪ কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়। এদের মধ্যে ১০ জনকে হত্যা মামলায় আসামি করা হযেছে বলে জানান ওসি দাদন ফকির।

পুলিশের দায়ের করা মামলায় ১৪ জনকে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। মঙ্গলবার রিমান্ডের শুনানির কথা রয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি ফরিদপুরের বিভিন্ন উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকার সমাবেশে যোগ দিতে উপজেলা সদরের মাদানীনগর মাদ্রাসা থেকে কয়েক হাজার হেফাজত কর্মী বিশ্বরোডের দিকে এগোতে থাকলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাতে বাধা দেয়।

কথাকাটাকাটির এক পর্যায়ে হেফাজত কর্মীরা হামলা চালালে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।

আহত অবস্থায় নওশের খানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।