২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, অবরোধের চেষ্টা

লংমার্চে ‘বাধা’ দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে হরতালের মধ্যে চট্টগ্রাম ও মংমনসিংহে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হেফাজতে ইসলাম কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

এছাড়া ঢাকার প্রবেশপথগুলো এবং বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছে তারা।

ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজতকর্মীদের রেলপথ অবরোধের কারণে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। 

এর বাইরে সারা দেশে সংগঠনটির সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে ঢিলেঢালাভাবে।

সোমবার সকালে হরতালের শুরুতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যন্ড ও লালবাগ জামে মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় হেফাজতকর্মীরা। এছাড়া মোহাম্মদপুর বসিলা, যাত্রাবাড়ী, মিরপুর, সায়েদাবাদ ও পল্টন এলাকাতেও তাদের খণ্ড খণ্ড মিছিল দেখা যায়।

রাজধানীর ভেতরে হেফাজতকর্মীদের পিকেটিং দেখা না গেলেও নারায়ণগঞ্জে সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা।

এ সময় দুই হেফাজত কর্মীকে আটক করা হয় বলে সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান।

কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, হরতালকারীরা বসিলা ব্রিজের ওপর অবস্থান নিয়ে থাকায় কেরাণীগঞ্জের সঙ্গে ঢাকার যান চলাচল দুপুর পর্যন্ত বন্ধ থাকে।

সকাল ৯টার দিকে হেফাজতে ইসলামের সহস্রাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে সিলেটগামী পারাবত এক্সপ্রেস আটকে দেয়। পরে তারা রেল লাইনের উপর গাছের গুঁড়ি ও স্লিপার ফেললে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ রেলগেইট পার হওয়ার সময় পারাবত এক্সপ্রেসে এবং আখাউড়া রেল স্টেশনের কছে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় হরতালকারীরা।

হেফাজতেকর্মীরা রেলপথ থেকে সরে যাওয়ার পর বেলা ১টার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ট্রেন চলাচল আবার শুরু হয়।

হরতাল চলাকালে সকালে বিদ্যুতের খুঁটি ও পাথর ফেলে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়।

বেলা পৌনে ১১টার দিকে ময়মনসিংহের গাঙ্গিনাপাড় এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় হেফাজতকর্মীরা। এতে অন্তত ৫০ জন আহত হন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে।

হরতালের মধ্যে সংঘষ হয়েছে চট্টগ্রাম শহর, আনোয়ারা ও ফটিকছড়িতেও।

বন্দরনগরীর ইস্পাহানী ও ওয়াসা মোড়ে হেফাজতকর্মী ও ছাত্রলীগের মধ্যে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হন।

ফটিকছড়িতে হেফাজতকর্মীরা স্থানীয় জাফরনগর পুলিশ ফাঁড়িতে ঢিল ছোড়া শুরু করলে পুলিশ ও স্থানীয় জনগণ তাদের প্রতিরোধ করে। আনোয়ারার পারকি বাজারে হেফাজত ইসলাম ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর চিত্র

অন্যান্য হরতালের মতো সোমবারও সকাল থেকে রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা যায়। গণ পরিবহনের সংখ্যাও ছিল অন্য হরতালের তুলনায় বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। 

দিনের প্রথমভাগে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল বলে  কর্তৃপক্ষ জানিয়েছে।

হেফাজতে ইসলাম নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি তুললেও সকাল থেকেই রাজধানীর সব সড়কে নারী কর্মীদের কর্মস্থলের পথে ছুটতে দেখা যায় প্রতিদিনের মতোই। ময়েরাও সন্তানকে স্কুলে দিতে অন্য দিনের মতো বেরিয়ে এসেছেন ঘর থেকে । 

যে মতিঝিলে সমাবেশ করে গত শনিবার এই হরতাল ডেকেছিল হেফাজত, সেখানে সোমবার হরতালের তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। ব্যাংক, বীমাসহ সরকারি-বেসরকারি সব অফিসেই স্বাভাবিক কার্যক্রম হয়েছে।

মতিঝিল এলাকায় সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনকে হরতালবিরোধী মিছিল করতেও দেখা যায়।

হেফাজতের হরতালবিরোধী মিছিল হয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকেও

বেলা ১১টার পর শাহবাগ থেকে জাতীয় পাতাকা নিয়ে মিছিল করে রূপসী বাংলা হোটেল ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন আন্দোলনকর্মীরা। এ সময় যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতেও স্লোগান দেন তারা।

শাহবাগ আন্দোলনে যুক্ত ব্লগারদের নাস্তিক আখ্যায়িত করে তাদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে গত শনিবার মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম।  

একই দাবিতে সমাবেশ থেকে সোমবারের এই হরতালের ঘোষণা দেন  সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবু নগরী।

দাবি পূরণ না হলে ৫ মে ঢাকা অবরোধেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্টতার অভিযোগ রয়েছে। 

ব্লগারদের শাস্তি দেয়ার পাশাপাশি নারী ও শিক্ষানীতি বাতিল, নারী-পুরুষের প্রকাশ্যে বিচরণ এবং ভাস্কর্য স্থাপন বন্ধের দাবিও রয়েছে হেফাজতের ১৩ দফার মধ্যে।

সোমবার বিকালে লালবাগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন হেফাজত নেতারা।

তারা দাবি করেন, গত কয়েকদিনে সারাদেশে তাদের পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।