২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হরতালের মধ্যে গাড়িতে আগুন

হেফাজতে ইসলামেরটি শেষ হওয়ার পর বিএনপির হরতাল শুরুর আগে রাজধানীতে অন্তত দুটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 12:52 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

সোমবার সন্ধ্যায় গুলশান ও মিরপুরে এই গাড়িগুলোতে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

লংমার্চে ‘বাধা’ দেয়ার প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত, যাতে রাজধানীতে কোনো সংঘাত হয়নি।

শীর্ষনেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

সন্ধ্যা ৬টায় হেফাজতের হরতাল শেষ হওয়ার পরপরই গুলশানে শুটিং কমপ্লেক্সের কাছে ব্র্যাক ব্যাংকের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “হরতাল সমর্থনকারীরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”

শাহ আলী থানার ওসি সেলিমুজ্জামান জানান, রাত পৌনে ৮টার দিকে মিরপুর সনি সিনেমার সামনের রাস্তায় নিউ ভিশন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

বাসটি গুলিস্তান থেকে চিড়িয়াখানার দিকে যাচ্ছিল। যাত্রীবেশে কয়েকজন গাড়িতে উঠে আগুন দেয়া হয় বলে জানান ওসি।

গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে একটি আগুন দেয়া হয়।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, চৌরাস্তার অনুপম সুপার মার্কেটের দক্ষিণে বলাকা সার্ভিসের দাঁড়ানো বাসটিতে আগুন দেয়া হয়।

গাড়ি পোড়ানো ও সংঘর্ষের মামলায় রোববার আদালত মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠায়।

এর প্রতিবাদে হরতাল ডাকার পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়।

পুরনো খবর:

হরতাল ডাকার পরপরই গাড়িতে আগুন