২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার জাগরণমঞ্চের লাঠিমিছিল

শাহবাগে হামলার চেষ্টা এবং মতিঝিলে নারী সাংবাদিককে মারধরের প্রতিবাদে মঙ্গলবার প্রতীকী লাঠিমিছিল করবে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 12:08 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, বিকাল ৪টায় শাহবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত এই লাঠিমিছিল হবে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতালের ডাক দেয়ায় মঙ্গলবার ও বুধবারের পূর্বঘোষিত কর্মসূচিগুলো স্থগিত করেছে গণজাগরণ মঞ্চ।

ইমরান সোমবার বিকালে শাহবাগে মঞ্চের মিডিয়া সেলের সামনে সাংবাদিকদের বলেন, হরতালের কারণে মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। পরদিন বুধবার আইন মন্ত্রণালয়ের সামনে গণঅবস্থানের যে কর্মসূচি দেয়া হয়েছিল তাও স্থগিত করা হয়েছে।

গত শনিবার গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে মঙ্গল ও বুধবারের ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

এসব কর্মসূচির নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে ইমরান জানান।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চে একাত্তরে শহীদদের উদ্দেশ্যে লেখা চিঠি পাঠ করা হবে।

গত ২০ ফেব্রুয়ারি একাত্তরের শহীদদের উদ্দেশ্যে লেখা যেসব চিঠি নিয়ে বেলুন উড়ানো হয়েছিল, সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটি চিঠি পাঠ করা হবে এই আসরে। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে বুকপকেটে চিঠি।

তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিলের কর্মসূচি আগের মতোই থাকছে বলে ইমরান জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখে সারা দিন শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকালে মহাসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।