কাজীপুর উপজেলা কোয়ার্টারে ডাকাতি
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা কোয়ার্টারের পাঁচটি বাসায় রোববার রাতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা বাসার লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে প্রায় ১৭ ভরি স্বর্ণালঙ্কার, ১২টি মোবাইল ও নগদ ১ লাখ হাজার টাকা লুট করে হাতবোমা ফাটিয়ে চলে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ডাকাতদের মারধরে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে শহিদুল ইসলাম নামে একজনের অবস্থা গুরুতর।
কাজীপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম শাফি এবং সদর সার্কেল এএসপি কাজী এহসানুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানান, রাত ১টার দিকে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত উপজেলা সদরের আলমপুরে সরকারি কোয়ার্টারে হানা দেয়।
ডাকাত দল প্রথমে জহুরুল ইসলাম ভূঁইয়ার বাসায় ঢুকে তাকে এবং তার স্ত্রী শামীম আরাকে দড়ি দিয়ে বেঁধে ডাকাতি চালায়। এরপর সাবেদুল ইসলাম, রায়হান আলম খন্দকার, শফিকুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিকীর বাসায় ঢোকে।
কোয়ার্টারের পাশে আলমপুর গ্রামের শিক্ষক আব্দুল মান্নানের বাড়িতেও এরপর ডাকাতি হয় বলে পুলিশ জানায়।
ওসি বলেন, আব্দুল মান্নানের বাড়িতে ডাকাতির সময় প্রতিবেশী শহিদুল ইসলাম এগিয়ে গেলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে।
ডাকাতি শেষে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতরা চলে যায় বলে জানায় স্থানীয়রা।
ওসি বলেন, কোয়ার্টারের পাশের একটি ক্ষেত থেকে কালো টেপে মোড়ানো একটি হাতবোমা পুলিশ উদ্ধার করেছে।
