শ্রমিক অসন্তোষে গ্রামীণের পোশাক কারখানা বন্ধ
শ্রমিক অসন্তোষের কারণে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে ডিইপিজেডের ‘গ্রামীণ নিটওয়্যার লিমিটেড’ নামের কারখানাটি বন্ধ করে দেয়া হয়।
কারখানাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ড. মুহম্মদ ইউনুস।
শিল্প পুলিশের সহকারী পরিচালক (গোয়েন্দা) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সপ্তাহখানেক আগে গ্রামীণ নিটওয়্যার লিমিটেড কারখানার এক অপারেটরকে কর্তব্যে অবহেলার অভিযোগে বরখাস্ত করে কর্তৃপক্ষ।
এ খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং তারা ওই অপারেটরকে পুনর্বহালের দাবি জানায়।
শ্রমিকদের এ দাবির পর বিশৃঙ্খলার অভিযোগে রোববার ৮৫ জন শ্রমিককে বরখাস্তের সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ।
সকালে কারখানার মূল ফটকে বরখাস্ত শ্রমিকদের তালিকা ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয় বলেও জানান তিনি।
এছাড়া ডিইপিজেড এর পুরাতন জোনে দক্ষিণ কোরীয় মালিকানাধীন হাইপোসিন কোং লিমিটেড ডাইং কারখানার প্রায় দেড়শ’ শ্রমিক বকেয়া ভাতার দাবিতে বিক্ষোভ করে।
কারখানা কর্তৃপক্ষ তাদের ভাতা দিতে অস্বীকৃতি জানালে সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে চলে যায়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
