২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লংমার্চ ঘিরে ছিল সরকার উৎখাতের চক্রান্ত’

হেফাজতে ইসলামের লংমার্চকে সামনে রেখে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 09:42 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে চক্রান্ত হয়েছিল যাতে লাশ পড়ে। বিএনপি যাতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে পারে- এমন ষড়যন্ত্র হয়েছিল।”

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের জন্য আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি”, যোগ করেন মোহাম্মদ নাসিম।

শনিবার হেফাজতে ইসলামের কর্মসূচিকে সামনে রেখে বিএনপি অনেক লাশ চেয়েছিল বলেও অভিযোগ করেন নাসিম।

ভবিষ্যতেও ‘এই ধরনের’ আরও ষড়যন্ত্র হবে বলে আশংকা প্রকাশ করে নাসিম বলেন, “আমরা শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেব।"

‘নাস্তিক ব্লগারদের’ গ্রেপ্তারসহ ১৩টি দাবিতে লংমার্চ করে শনিবার দুপুরে মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। শান্তিপূর্ণ এই সমাবেশের জন্য হেফাজতে ইসলামকে ‘ধন্যবাদ’ জানান সরকারের কয়েকজন মন্ত্রী।

নাসিম বলেন, “ধর্মকে রক্ষার নামে সমাবেশ করা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে বিএনপি নেতারা সমর্থন জানিয়েছেন।"

মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির নাম উল্লেখ না করে মোহাম্মদ নাসিম বলেন, “আরেকটি রাজনৈতিক দল পানি খাওয়ানোর নামে বিভিন্ন কিছু করেছে। আমি আর কিছু বলতে চাই না।”

নারী বিষয়ে হেফাজতের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “যে দেশে লাখ লাখ মহিলা গার্মেন্টসে, হাজার হাজার মহিলা পুলিশ আর আর্মিতে। তাদের এই দাবি এই দেশে পূরণ করা সম্ভব না”, যোগ করেন নাসিম।

হেফাজতে ইসলামের দাবিগুলোর মধ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ ও ‘ইসলামবিরোধী’ নারীনীতি বাতিলের দাবিও রয়েছে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ‘মুজিবনগর দিবস’ পালনের প্রস্তুতি কমিটির বৈঠক বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।