‘নারীর অগ্রযাত্রা ওরা রুখতে চায়’
হেফাজতে ইসলাম নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টা বন্ধ করে দেশের অগ্রগতি রুখতে চায় মন্তব্য করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতারা।
দেশের অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে রাজনীতিসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর দাবি জানিয়েছে জনতার এ মঞ্চ।
নারীর অগ্রযাত্রায় যাতে কোনো বাঁধা না আসে সেজন্য দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের প্রতিও মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই। এমন কোনো বিধান করা যাবে না যাতে এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়।”
“অথচ একটি গোষ্ঠী নারী-পুরুষের সমন্বিত এ প্রয়াসকে বাধাগ্রস্ত করতে চাইছে। তাদের বিরুদ্ধে লড়তে হবে।”
হেফাজতের ১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে ইমরান এইচ সরকার বলেন, “১৩ দফা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।”
সোমবার হেফাজতে ইসলামের হরতাল প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের জাতীয় পতাকা মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব বলেন।
বেলা ১১টার পর শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি রূপসী বাংলা হোটেল ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। মিছিলের সামনে ঊর্ধ্বে তুলে ধরে রাখা হয় দেশের মানচিত্র সম্বলিত বিশাল আকৃতির একটি জাতীয় পতাকা।
মিছিলে অংশগ্রহণকারীদের প্রায় প্রত্যেকের হাতেই জাতীয় পতাকা দেখা যায়। যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন তারা।
এছাড়া ‘জয় বাংলা/একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার/বীর বাঙালি জেগে উঠ, মা-বোনেরা অস্ত্র ধর/জামায়াত-শিবির রাজাকার, এ মুহুর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগানে মিছিলের চারপাশ মুখরিত করে তোলেন তারা।
গণজাগরণ মঞ্চের সংগঠকরা ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
পতাকা মিছিলে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয় শাহবাগে।
শনিবার বিকালে শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে এই পতাকা মিছিলের ঘোষণা দেয়া হয়। একই সময় দেশের অন্যান্য জেলাগুলোতেও জাতীয় পতাকা হাতে মিছিল হয় বলে মঞ্চের সংগঠকরা জানান।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফের পতাকা মিছিল নিয়ে শাহবাগের মূলমঞ্চে ফিরে যায় আন্দোলনকারীরা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল ডাকার প্রেক্ষাপটে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত মঙ্গলবারের ছাত্র ধর্মঘট বিষয়ে বিকালে সর্বশেষ অবস্থান তুলে ধরা হবে বলে মঞ্চের সংগঠকরা জানান।
