২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ তোলায় রেল যোগাযোগ চালু

ব্রাহ্মণবাড়িয়া শহরে হেফাজতে ইসলামের কর্মীরা রেলপথ থেকে সরে যাওয়ার পর দুপুরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেলযোগাযোগ  চালু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 07:51 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার মো. শোয়েব জানান, অবরোধ উঠিয়ে নেওয়ার পর পুলিশ পাহারায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রায় চার ঘণ্টা আটকে থাকা পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১ টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। জেলার বিভিন্ন স্টেশনে আটকে থাকা অন্য ট্রেনগুলোরও চলাচল শুরু হয়েছে।

দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা হেফাজতে ইসলামের উপদেষ্টা আশেক এলাহি ইব্রাহিমীর সঙ্গে জেলার পুলিশ কর্মকর্তারা সাক্ষাত করে অবরোধ উঠিয়ে নেয়ার অনুরোধ করেন। এরপর দুপুর ১ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

সকালে রেলপথ অবরোধ করে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সকাল নয়টার দিকে হেফাজতে ইসলামের সহস্রাধিক নেতাকর্মী লাঠিসোটাসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে সিলেটগামী পারাবত এক্সপ্রেস আটকে দেয়।

পরে তারা রেল লাইনের উপর গাছের গুঁড়ি ও স্লিপার ফেললে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া হরতাল চলাকালে হেফাজতে ইসলামের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ রেলগেইট পার হওয়ার সময় পারাবত এক্সপ্রেসে হামলা করে। তাদের হামলায় ট্রেনের অন্তত ৫ যাত্রী আহত হয়।

এর আগে আখাউড়া রেল স্টেশন অতিক্রমের সময় হেফাজত কর্মীরা সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন ও রেলস্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করে।

লংমার্চে ‘বাধা’ দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে সারা দেশে হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

পুরনো খবর:

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ