২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়া শহরে রেলপথ অবরোধ করে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 05:11 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সোমবার সকাল নয়টার দিকে হেফাজতে ইসলামের সহস্রাধিক নেতাকর্মী লাঠিসোটাসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে সিলেটগামী পারাবত এক্সপ্রেস আটকে দেয়।

পরে তারা রেল লাইনের উপর গাছের গুঁড়ি ও স্লিপার ফেললে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ সুপার জানান, হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ট্রেন চালুর চেষ্টা করা হচ্ছে।এ ছাড়াও ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এছাড়া হরতাল চলাকালে হেফাজতে ইসলামের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ রেলগেইট পার হওয়ার সময় পারাবত এক্সপ্রেসে হামলা করে। তাদের হামলায় ট্রেনের অন্তত ৫ যাত্রী আহত হয়।

এর আগে আখাউড়া রেল স্টেশন অতিক্রমের সময় হেফাজত কর্মীরা সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন ও রেলস্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করে।

এদিকে নাশকতা এড়াতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, আখাউড়ায় সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ও কসবায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস থামিয়ে রেখেছে রেল কর্তৃপক্ষ।

লংমার্চে বাধা দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে সারা দেশে হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।