সিলেটে ঢিলেঢালা হরতাল
বিক্ষিপ্ত মিছিল ও পিকেটিংয়ের মধ্য দিয়ে সিলেটে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
লংমার্চে ‘বাধা’ দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে এই হরতালের ডাক দেয় দলটি।
সিলেটে সকাল ছয়টা থেকেই হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে হরতালকারীরা।
সকাল সাড়ে ৬টায় নগরের নয়াসড়ক পয়েন্টে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান ও মোটরসাইকেল মহড়া দেয় হরতালকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সরে যায়।
এছাড়া নগরীর আম্বরখানা, কোর্টপয়েন্ট, বন্দরবাজার পয়েন্ট, শিবগঞ্জ, হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডিপুল এলাকায় হেফাজতকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।
বিশৃঙ্খলা এড়াতে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, হরতালে নগরীর কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি।
নগরীতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও হালকা যান চলাচল করতে দেখা গেছে।
সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে পূর্ব নির্ধারিত ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে।
