২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের দায়ে ৫ হেফাজতকর্মী আটক

বরিশালে বাস ভাংচুরের অভিযোগে হেফাজতে ইসলামের পাঁচ কর্মীকে র‌্যাবের হাতে তুলে দিয়েছে শ্রমিকরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার রাতে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে হেফাজতের কর্মীরা তিনটি বাস ভাংচুর করে। পরে তারা সংগঠিত হয়ে ধাওয়া দিয়ে ছয়টি মোটরসাইকেলসহ হেফাজতের কর্মীদের আটক করেন।

তবে হেফাজতের কর্মীরা দাবি করেছেন, তারা বাস ভাংচুর করেননি।

বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ সাংবাদিকদের কাছে দাবি করেন, রাত সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেলে করে কিছু হেফাজতকর্মী বাসস্ট্যান্ডে এসে বাস ভাংচুর করতে থাকে।

তিনটি বাস ভাংচুরের পর সেখানে থাকা শ্রমিকরা ধাওয়া দিয়ে পাঁচ জনকে ধরে ফেলে। এ সময় ছয়টি মোটরসাইকেল ফেলে অন্যরা পালিয়ে যায়।

আটককৃতদের র‌্যাব-৮ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবারের হরতালে আতঙ্ক তৈরি করতেই হেফাজতকর্মীরা বাস ভাংচুর করেছে বলে জানান কাউন্সিলর সুলতান।

র‌্যাব-৮ এর এক নম্বর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতরা দাবি করেছেন তারা কোন বাস ভাংচুর করেনি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

আটককৃতদের মধ্যে হেফাজতে ইসলামের বরিশাল মহানগরীর আমীর মাওলানা ওবায়দুর রহমান মাহবুবও আছেন। যদি বাস ভাংচুরের অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।