হেফাজতের হামলা: নারীদের প্রতিবাদ
নারী সাংবাদিকদের ওপর হেফাজতকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ হয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, হেফাজতের ওই অবস্থানের বিরুদ্ধে ঢাকায় তারা নারী মহাসমাবেশ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা জলি তালুকদার।
মাহফুজা খানম বলেন, শিক্ষা ও কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীদের অগ্রগতি যখন সারাবিশ্বে আলোচিত, তখন নারীদের ওপর হামলা এবং তাদের অগ্রযাত্রার পথ রুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে নারী বিদ্বেষী সাম্প্রদায়িক শক্তি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য হাজেরা সুলতানা, নারী নেত্রী শিরিন আক্তার, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, প্রকৌশলী শম্পা বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, জোবাইদা নাসরিন কণা, রোকেয়া প্রাচী, সুফিয়া আক্তার শেলী, আফরোজা হক রিনা প্রমুখ।
প্রতিবাদ আসকের
এদিকে হেফাজতে ইসলামের সমাবেশে লাঞ্ছিত ও আহত সাংবাদিক নাদিয়া শারমিনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।
প্রতিবাদে বলা হয়, হেফাজতে ইসলাম ধর্মকে সুকৌশলে ব্যবহার করে দেশকে কয়েক দশক পিছিয়ে নেবার এবং তালেবান রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করতে বলে আমরা মনে করি, যা আমরা কোনোভাবেই মেনে নেবো না।
