২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ি ভাংচুর, ট্রাকে আগুন

শীর্ষ আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল থেকে গাড়ি ভাংচুর করা হয়েছে। সন্ধ্যায় লোহাবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীরা নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে।

এসময় একটি মিছিল থেকে চার-পাঁচজন লোক বের হয়ে নগরীর কাজীর দেউরী মোড় এলাকায় এস আলম টাওয়ারের নিচে রাখা সময় টেলিভিশনের মাইক্রোবাসে হামলা করে ভাংচুর চালায়।

এ সময় ওই ভবনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কাচ এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে তারা কাজীর দেউরী মোড়ে একটি প্রাইভেটকার ভাংচুর করে।

সময় টেলিভিশনের গাড়ি ভাংচুরের সময় একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা ও সাংবাদিকেরা।

পরে কাজীর দেউরী মোড় থেকে রাসেল মিয়া নামে ওই যুবদলকর্মীকে বিএনপিকর্মীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ঘটনাস্থলে থাকা কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক শিমুল নজরুল। বিএনপিকর্মীদের হামলায় আমাদের সময়ের ফটোগ্রাফার তামান্না আহত হন।

মিছিলকারীরা বিএনপি নেতাদের জামিন বাতিলের প্রতিবাদ এবং মঙ্গল-বুধবারের হরতালের সমর্থনে শ্লোগান দেয়।

সন্ধা সাতটার দিকে চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে একটি লোহাবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডবলমুরিং জোনের সহকারী কমিশনার হাসানুজ্জামান মোল্লা জানান, আগ্রাবাদ চৌমুহনী এলাকায় প্রায় একই সময়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) মির্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপিকর্মীরা মিছিল করার সময় কয়েকটি যানবাহন ভাংচুর করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

মওদুদ আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।