২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার খরচের জন্য চাঁদাবাজি ‘জামায়াতের’

মামলা চালানোর চাঁদার দাবিতে রাজশাহীতে জামায়াত নেতাকর্মীরা বালু তোলার মেশিনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

শনিবার গভীর রাতে চরশ্যামপুর বালুঘাটের ওই ঘটনায় মতিহার থানায় একটি মামলা হয়েছে।

মতিহার থানার ওসি অশীত কুমার ঘোষ জানান, রোববার বালিঘাটের ইজারাদার জাকিরুল ইসলাম বাদী হয়ে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা করেছেন।

মামলায় বলা হয়, জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলার খরচ হিসেবে স্থানীয় জামায়াত নেতা আনসার আলী বেশ কিছুদিন থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

টাকা না দেয়ায় শনিবার গভীর রাতে জামায়াত-শিবির কর্মীরা বালুঘাটে গিয়ে অফিস ও শ্রমিকদের থাকার ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় এবং দুইটি মেশিনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ওসি জানান, মামলায় স্থানীয় জামায়াত নেতা আনসার আলী, জামায়াত কর্মী আক্কাস আলী ও মনিরুল ইসলামসহ ১০/১২ জনের নামোল্লেখ করা হয়েছে।

পুলিশ বিষয়টি তদন্ত করে দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান অশীত কুমার।