বাহুবলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও তার সহকারি নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
রোববার বেলা ১টার দিকে বাগানবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা পিকআপ চালক শামীম মিয়া (২০) বরিশাল সদরের ধনডোবা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। চালকের সহকারী মিঠু মিয়া (১৭) নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল মোতালিবের ছেলে।
আহতের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নিউ ক্রাউন বেকারির একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি ধুমড়ে মুচড়ে যায় ও বাসটি উল্টে যায়।
সংঘর্ষে গুরুতর আহত শামীম ও মিঠুকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
