হেফাজতের দাবি নিয়ে আন্তরিক সরকার: পরিবেশমন্ত্রী
কথিক ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকায় লংমার্চ করা হেফাজতে ইসলামের অনেক দাবিই সরকার ইতিমধ্যে পূরণ করেছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, হেফাজতের যে সমস্ত দাবি যৌক্তিক সেসব দাবির বিষয়ে সরকার আন্তরিক।
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর অবমাননা ঠেকাতে ইতিমধ্যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ফেইসবুক ও ব্লগে আপত্তিকর মন্তব্যকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি করা হয়েছে এবং দাবির প্রেক্ষিতে দুজন আলেমকে এ কমিটিতে নেয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকজন ব্লগারকে গ্রেপ্তারও করা হয়েছে।
‘নাস্তিক ব্লগারদের’ গ্রেপ্তারসহ ১৩টি দাবিতে লংমার্চ করে শনিবার দুপুরে মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সমাবেশ থেকে আগামী সোমবার সারাদেশে হরতাল এবং ৬ মে ঢাকা অবরোধের কর্মসূচি দেয়া হয়।
হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হয়েছে বলেও জানান হাছান মাহমুদ।
শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করার জন্য হেফাজতে ইসলামকে ধন্যবাদও জানান পরিবেশমন্ত্রী।
“শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য আমি হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানাই। বিএনপি-জামায়াত সমাবেশকে কেন্দ্র করে অপচেষ্টা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল; হেফাজতে ইসলাম এ ব্যাপারে সজাগ ছিল।”
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আস্তিক ও নাস্তিকের প্রশ্ন তুলছেন, খালেদা জিয়ার চারপাশে অনেক নাস্তিক রয়েছেন, বহু নাস্তিকরা তার বক্তৃতা ড্রাফট করে দেয়, বেগম জিয়া আস্তিক ও নাস্তিকের প্রশ্ন তোলার অধিকার রাখেন না।
“বিরোধীদলীয় নেত্রী কতটুকু আল্লা-খোদা বিশ্বাস করেন- তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফজরের আযান তিনি শুনেন কিনা সে নিয়েও অনেকের সন্দেহ”, যোগ করেন তিনি।
বিএনপি হেফাজত ইসলামকে ব্যবহার করতে চেয়েছিল অভিযোগ করেন পরিবেশমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে ফায়দা আদায়ের জন্য তারা সব সময় দেশের ধর্মপ্রাণ মানুষকে ব্যবহার করার চেষ্টা করেছে। হেফাজত ইসলামকেও তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পারেনি।
