চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ
মজুরি বাড়ানোর দাবিতে বন্দরনগরীর সদরঘাট এলাকায় সকালে সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার সকাল নয়টা থেকে আজিম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল স্পেশালাইজড গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা সদরঘাট কালী বাড়ি মোড়ে সড়ক অবরোধ করে রাখেন।
এতে সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ও ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের দুর্ভোগের সৃষ্টি হয়।
গার্মেন্টসের শ্রমিক মো. বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গার্মেন্টেসে তৈরি সোয়েটারের মজুরি বাড়ানোর জন্য বেশ কিছু দিন ধরে দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। গত ১ এপ্রিল মালিক পক্ষ ৪ এপ্রিলের মধ্যে মজুরি বাড়ানো হবে বলে আশ্বাস দেন।
কিন্তু ৪ এপ্রিল নোটিশ দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়ার কারণে শ্রমিকরা আন্দোলন শুরু করেছে বলে জানান তিনি।
সকাল নয়টা থেকে সড়ক অবরোধ করে রাখার পর সোয়া দশটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে পৌনে এগারটার দিকে আবার আধা ঘণ্টার মত সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিদারুর রহমান লাভু মালিক পক্ষের সাথে কথা বলার আশ্বাস দেয়ার পর শ্রমিকরা সড়কের অবরোধ প্রত্যাহার করে কারখানার নিচে অবস্থান নেন।
কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিকপক্ষের সাথে আলোচনা হয়েছে। তারা ১০ এপ্রিলের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে।
