সিরাজগঞ্জে এক পরিবারের ৩ জনের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে, খাদ্যে বিষক্রিয়াই এই মৃত্যুর কারণ বলে পুলিশের ধারণা।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার চালা শাহবাজপুর গ্রামে কৃষক মুসা আলী (৫৫), তার স্ত্রী সোনেকা বেগম (৪৭) ও তাদের ছেলে সুমন (১৪) মারা যান বলে পুলিশ জানিয়েছে।
কামারখন্দ থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে বাড়িতে খাবার খাওয়ার পর তিনজনই বমি করতে থাকেন। হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তিনজনেরই মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে ফেরত দেয়া হয়েছে বলেও জানান ওসি। ফলে খাবারে বিষক্রিয়াই তাদের মৃত্যুর কারণ কি না, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
