২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রানির অভিষেকের ভাস্কর্য উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের হীরক জয়ন্তির একটি ভাস্কর্য উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ভাস্কর্যটি উদ্বোধন করেন তিনি।

কমনওয়েলথ প্রধান হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘মা’ শিরোনামের ওই ভাস্কর্য করা হয়েছে। বাংলাদেশসহ ৫৪টি স্বাধীন দেশ কমনওয়েলথের সদস্য।

ভাস্কর্য উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও ছিলেন। তাদের অভ্যর্থনা জানান ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের হাই কমিশনাররা অনুষ্ঠানে ছিলেন।

হাইকমিশনার গিবসনকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমনওয়েলথের জননী হিসেবে  রানির ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এ ভাস্কর্য করা হয়েছে।”

ইস্পাতের তৈরি এ ভাস্কর্য গড়ে তুলেছেন ভাস্কর হামিদুজ্জামান খান।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর যুক্তরাজ্যসহ সাতটি দেশের রানী হিসেবে অভিষেক হয় দ্বিতীয় এলিজাবেথের।  গত বছর বিশ্বের বিভিন্ন দেশে উৎসবের মাধ্যমে রানীর অভিষেকের ৬০ বছর উদযাপন করা হয়।