‘হামলার চেষ্টা’: চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল
শাহবাগের গণজাগরণ মঞ্চে ‘হামলার চেষ্টার’ প্রতিবাদে সমাবেশ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ওয়াসার মোড়ে হেফাজতে ইসলামের দুই দিনের অবস্থান কর্মসূচি শেষে একদল কর্মী মিছিল নিয়ে জামালখানে গণজাগরণ মঞ্চের পাশের মোড় দিয়ে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়।
হেফাজতের লং মার্চ প্রতিহত ও জামায়াত নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের ডাকা হরতালের সমর্থনে বিকাল তিনটা থেকে সমাবেশ করছিল চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।
সন্ধ্যার আগ মুহুর্তে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকা দিয়ে হেফাজত ইসলামের সমাবেশ শেষে ফিরে আসা একদল কর্মী ওই এলাকা দিয়ে চকবাজারে চলে যায়।
এসময় প্রায় তিন প্লাটুন বিজিবি এবং দুই শতাধিক পুলিশ পুরো গণজাগরণ মঞ্চ এলাকা ঘিরে রাখে।
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং ঢাকায় হামলা চেষ্টার প্রতিবাদে জাগরণের মঞ্চের মশাল মিছিলটি চেরাগী পাহাড়, মোমিন রোড, বৌদ্ধ মন্দির আমতল হয়ে নিউ মার্কেট এ গিয়ে শেষ হয়।
