ঠাকুরগাঁওয়ে খোলা আকাশের নিচে আগুনে ক্ষতিগ্রস্তরা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো। বাসস্থানের অভাবের পাশাপাশি ওই গ্রামে খাদ্য, পানীয়, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্কট দেখা দিয়েছে।
স্থানীয়দের উদ্যোগে ডাল-ভাত সরবরাহ করা হলেও অনেক ক্ষতিগ্রস্ত পরিবার শনিবার অভুক্ত থেকেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আগুনে দুই গ্রামের পুড়ে যাওয়া ঘরবাড়ির সংখ্যা দুই হাজারের বেশি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
অবশ্য স্থানীয় চারোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুননবী দাবি করেছেন, শুক্রবারের আগুনে দুই গ্রামে প্রায় তিন হাজার ঘরবাড়ি পুড়ে গেছে।
তিনি আরো জানান, স্থানীয় বিত্তবানদের সহায়তায় লঙ্গরখানা খুলে খাবার সরবরাহ করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
স্থানীয় সাংসদ দবিরুল ইসলাম বলেন, ভয়াবহ এ দুর্যোগের বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। খুব শীঘ্রই সাহায্য পাওয়া যাবে।
জেলা প্রশাসক মুকেশ কুমার বিশ্বাস জানান, দ্রুত বার্তা পাঠানো হয়েছে, সহযোগিতা তাড়াতাড়ি পাওয়া যাবে। প্রাথমিকভাবে প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবারের সংস্থান করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার বিশ্রামপুর গ্রামে আগুনে ১২টি পরিবারের ২৯টি ঘর পুড়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে মধুপুর গ্রামে আগুনে প্রায় দুই হাজার ঘরবাড়ি ভস্মিভূত হয়।
শনিবার উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুত্তালিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত তিনটার দিকে মধুপুর গ্রামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে গ্রামের সাড়ে চারশ’ পরিবারের প্রায় দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, বরেন্দ্র এলাকায় পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে। রুক্ষ আবহাওয়ার কারণে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
আগুনে গাছপালা, গরু-ছাগলসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সর্বস্ব পুড়ে গেছে এবং ১৫ জন গ্রামবাসী আহত হয়েছেন।
