হেফাজতকে ‘ধন্যবাদ’ স্বরাষ্ট্রমন্ত্রীর
শান্তিপূর্ণ সমাবেশের জন্য হেফাজতে ইসলামকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তবে সংগঠনটির ডাকা হরতাল কর্মসূচির সমালোচনা করেছেন তিনি।
‘নাস্তিক ব্লগারদের’ গ্রেপ্তারসহ ১৩টি দাবিতে লংমার্চ করে শনিবার দুপুরে মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম।
বর্তমান সরকারকে ‘নাস্তিক্যবাদী’ আখ্যায়িত করে সমাবেশ থেকে আগামী সোমবার সারাদেশে হরতাল এবং ৬ মে ঢাকা অবরোধের কর্মসূচি দেয়া হয়।
হেফাজতের লংমার্চ এবং তার পাল্টায় হরতাল এবং গণজাগরণ মঞ্চের অবরোধের মধ্যে বিকাল ৩টার দিকে কয়েকমন্ত্রী মন্ত্রীকে নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ওই বৈঠকে ছিলেন।
“সমাবেশকে বিএনপি ও অন্যান্য দল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে অপচেষ্টা চালিয়েছিল, তারা সমাবেশ মঞ্চে উঠার অপচেষ্টা চালিয়েছিল, তবে হেফাজত নেতৃবৃন্দ তা করতে দেয়নি, তারা যে নিরপেক্ষতা ও দৃঢ়তা প্রকাশ করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।”
হেফাজতের সমাবেশে সংহতি জানিয়ে সভামঞ্চে উঠেছিলেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব রুহুল আমীন হাওলাদার।
লংমার্চে মহাজোট শরিক জাতীয় পার্টির সংহতি জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহীউদ্দীন আলমগীর এ বিষয়ে এইচ এম এরশাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
“এ কথাও ঠিক, যারা সারাজীবন কোনো সততা দেখাতে পারেননি বা স্বৈরতন্ত্রের প্রতিভূ হয়ে গণতন্ত্রের কথা বলেন, তাদের কথা জনগণ মেনে নিতে পারে না।”
মতিঝিলে সমাবেশ শান্তিপূর্ণ হলেও ফরিদপুরে হেফাজতের হামলায় নিহত হন আওয়ামী লীগের এক নেতা।
হরতাল আহ্বানকারী ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের ওপর রাজধানীর মহাখালীতে সকালে হেফাজতের একটি মিছিল থেকে হামলা হয়। হামলা হয় সাংবাদিকদের ওপরও।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহরিয়ার কবিরের ওপর হামলাকারীরা জামায়াত-শিবিরকর্মী বলে তিনি খবর পেয়েছেন।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।
লংমার্চে বাধা দেয়ার যে অভিযোগ হেফাজতের পক্ষ থেকে করা হয়েছে, তা নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
“নাশকতার আশঙ্কায় ট্রেন বন্ধ করে দেয়া হয়েছিল এবং মালিক পক্ষও একই আশঙ্কায় বাস-লঞ্চ বন্ধ রেখেছিল।”
তাই সমাবেশে বাধা দেয়ার অভিযোগে আগামী সোমবার ডাকা হরতালকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন তিনি।
“আপনাদের (হেফাজত) আহ্বান করি, অপতৎপরতা থেকে বিরত থাকুন।”
আগামী ৫ এপ্রিল ঢাকা অবরোধ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এ ধরনের অবরোধ দিয়ে কোনো ফায়দা হবে না।
হেফাজতের দাবির মধ্যে রয়েছে- ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যাভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা; দেশব্যাপী রাস্তার মোড়ে এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্য স্থাপন বন্ধ করা।
আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করার দাবিও জানিয়েছে তারা।
হেফাজতের সমাবেশে বক্তারা নারী নেতৃত্ব হারাম এবং পুরুষ-নারী এক সঙ্গে কাজ করতে পারবে না বলে যে বক্তব্য এসেছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, এই দাবি তোলা অসাংবিধানিক।
হেফাজতের সমাবেশে নারী সাংবাদিকদের কাজ করতে বাধা দেয়া এবং হামলার অভিযোগ উঠেছে।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণ প্রজন্মের আহ্বানে শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর ব্লগারদের বিরুদ্ধে মাঠে নামে চট্টগ্রামভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামী।
‘জামায়াতঘনিষ্ঠ’ হেফাজতের আন্দোলনে সমর্থন দেয় বিএনপি ও তার রাজনৈতিক মিত্ররা।
গণজাগরণবিরোধী হেফাজতে লংমার্চের কর্মসূচি দিলে তা প্রতিহতের ডাক দিয়ে হরতাল ডাকে ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। অন্যদিকে অবরোধ ডাকে গণজাগরণ মঞ্চ।
হেফাজতের বিরুদ্ধে কর্মসূচিতে সমর্থন দেয় বামপন্থী রাজনৈতিক দলগুলো।
পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনার মধ্যে হেফাজতকে লংমার্চ কর্মসূচি প্রত্যাহার করতে আহ্বান জানায় সরকার। কিন্তু তাতে সাড়া দেয়নি তারা।
