যশোরে মাদক সেবনের সময় যুবক খুন
ফেনসিডিল সেবনের সময় বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে যশোর পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর হামিদপুর ময়লাখানা এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি গোলাম রহমান সাংবাদিকদের জানান, ইমরান তার বন্ধু ময়লাখানা এলাকার বাসিন্দা রাজুর সঙ্গে বসে ফেনসিডিল সেবন করছিল। এ সময় কোন কিছু নিয়ে দুজনে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু ইমরানকে ছুরিকাঘাত করে। জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ইমরানের মৃত্যু হয়।
“ঘটনাস্থলে বেশ কয়েকটি ফেনসিডিলের খালি বোতল ও গাঁজা সেবনের উপকরণ পাওয়া গেছে। এলাকাটিতে নিয়মিত মাদক সেবন হয় বলে ধারণা করছে পুলিশ।”
ঘটনার পর থেকেই রাজু ও তার পরিবার পলাতক রয়েছে বলে জানান ওসি।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক আক্তারুজ্জামান মীর্জা সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই ইমরানের মৃত্যু হয়।
