২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সাংস্কৃতিক জোটের পতাকা মিছিল

হেফাজতে ইসলামের কর্মসূচি প্রতিহত করতে ডাকা হরতালে সকালে রাজধানীতে জাতীয় পতাকা মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 04:59 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

শনিবার সকাল ১০টার দিকে টিএসসি মোড় থেকে শুরু হয়ে এই মিছিল দোয়েল চত্বর, মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদের সামনে গেলে পুলিশ বাধা দেয়।

বাধা পেয়ে মিছিলটি সেগুনবাগিচার দিকে কিছুদূর এগোলেও পুলিশ আবার বাধা দিলে মৎস্যভবনের সামনে অবস্থান নেয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ জোটের নেতারা বক্তব্য দেন।

মিছিল-সমাবেশ ও রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার রাজধানীতে হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে এই হরতাল ও অবরোধ চলছে।

 শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে ২৪ ঘণ্টা। আর হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে অবরোধ শেষ হবে শনিবার বিকাল ৪টায় শাহবাগের সমাবেশের ঠিক আগ মুহূর্তে।

শাহবাগ ও রাজধানীর পাঁচটি প্রবেশ পথে অবস্থান নিয়ে সন্ধ্যা ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু করে গণজাগরণ মঞ্চ। শাহবাগে রাতভর চলছে জামায়াত ও হেফাজতে প্রতিরোধের স্লোগান।