সিলেটের কোর্ট পয়েন্টে হেফাজতের অবস্থান
সিলেটে যানবাহন না পেয়ে লংমার্চ করে ঢাকা আসতে না পারা হেফাজতে ইসলামকর্মীরা অবস্থান নিয়েছে নগরীর কোর্ট পয়েন্টে।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে হেফাজতকর্মীরা কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করেন। রাতে তারা সেখানেই থাকেন।
হেফাজতে ইসলামের সিলেটের সমন্বয়ক মাওলানা মুহিবুল হক জানান, ঢাকায় শাপলা চত্বরের মহাসমাবেশ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। সমাবেশ থেকে আসা কর্মসুচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
কোর্ট পয়েন্টে চলা সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার লংমার্চে বাধা দেবে না বললেও নানাভাবে লংমার্চ কর্মসুচিকে ব্যহত করতে চেষ্টা চালায়। হেফাজতকর্মীরা যাতে লংমার্চ করে মহাসমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য সরকার গাড়ি বন্ধ করে দিয়েছে।
তারা বলেন, যেখানে বাধা সেখানেই অবস্থান নিয়ে নেতাকর্মীরা লংমার্চের প্রতি সংহতি প্রকাশ করছেন।
সিলেট শান্তিপুর্ণ হরতাল
এদিকে সিলেটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপুর্ণভাবেই চলছে ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫ সংগঠনের ডাকা হরতাল।
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহতের জন্য ডাকা হরতাল শুক্রবার রাতের পর শনিবার সকালেও শুরু হয়েছে শান্তিপুর্ণভাবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কশিনার রেজাউল করিম জানান, হরতাল চলাকালে নগরীর কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাতে হরতাল চলাকালে রাতে নগরীর আম্বরখানা, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় কয়েকজন সংস্কৃতিকর্মীকে পিকেটিং করতে দেখা গেলেও শনিবার সকাল ৮ টা পর্যন্ত হরতালকারীদের মাঠে দেখা যয়নি।
নগরীতে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছেনা। দোকানপাটও বন্ধ রয়েছে।
সিলেট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোনো বাস। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।
নগরীর গুরুত্বপুর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি রয়েছে র্যাবের টহল।
