সিলেট থেকে লংমার্চ ঢাকা আসছে না
যানবাহন না পেয়ে সিলেট থেকে লংমার্চ করে ঢাকা আসার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মহানগর হেফাজতে ইসলাম।
পূর্ব ঘোষণা অনুযায়ী মাগরিবের নামাজ শেষে লংমার্চ শুরু করলেও যানবাহন না পেয়ে লংমার্চ না করার সিদ্ধান্ত নেন মহানগর হেফাজতে ইসলামের নেতারা।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে মাগরিবের নামাজ আদায় করেন হেফাজত সমর্থকরা। কিন্তু যানবাহন না পাওয়ায় ঢাকা না যাওয়ার ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শাহীনূর পাশা চৌধুরী।
বিকাল ৫টায় নগরীর ধোপাদিঘীর পূর্বপাড় এলাকার ওসমানী শিশু পার্ক এলাকা থেকে পায়ে হেটে লং মার্চ শুরু করলেও হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে ঢাকা অভিমুখে যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেন স্থানীয় হেফাজত নেতারা।
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
এদিকে হেফাজতের এই কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
