২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে রেল অবরোধ

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন অবরোধ করে রেখেছে হরতাল সমর্থকরা। এতে সন্ধ্যা থেকে ঢাকা-ময়মনসিং রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শ্রীপুর থানার ওসি আমীর হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে হরতাল সমর্থকরা রাজেন্দ্রপুর রেলস্টেশন অবরোধ করে জামালপুর থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন আটকে দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, অবরোধকারীদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রেললাইন অবরোধ করায় ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রেন সন্ধ্যা ৭টা ১৭মিনিট থেকে গাজীপুর রেলস্টেশনে অবস্থান করছে বলে জানান স্টেশন মাস্টার জিয়াউদ্দীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অবরোধ প্রত্যাহার হওয়ার পর জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনটি যাত্রা শুরু করবে।

ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে হরতাল সমর্থকরা এই অবরোধ করছে বলে জানান তিনি।

হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চ প্রতিরোধে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার এই হরতাল পালন করছে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন। একই কারণে সন্ধ্যা থেকে ২২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ।