কুষ্টিয়ায় ৪০ বাড়িতে আগুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুন লেগে একটি গ্রামের ৪০টি বাড়ি পুড়ে গেছে।
শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু সাংবাদিকদের জানান, গ্রামের কৃষক সালামতের বাড়ির চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে গ্রামবাসী জানিয়েছে। আগুনে ৪০টি বাড়ির আসবাবপত্র, কাপড়চোপড়, ৬টি ছাগল, হাঁস-মুরগি পুড়ে গেছে।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন ও ভেড়ামারা দমকল বাহিনীর কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
