ভেড়ামারায় একশ বিঘা পানের বরজ ভস্মীভূত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগুনে একশ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ধরমপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার বেলা ২টায় পাটুয়াকান্দি গ্রামের একটি পান বরজে আগুন লাগলে মুহূর্তেই তা আশপাশের পান বরজে ছড়িয়ে পড়ে।
এতে প্রায় ১০০ বিঘা জমির পান বরজ পুড়ে যায়। পাঁচশ পানচাষী ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।
ভেড়ামারা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আইয়ুব আলী জানান, দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
