‘জামায়াতকে রক্ষায় নেমেছে হেফাজত’
জামায়াতে ইসলামকে রক্ষা করার জন্যই হেফাজতে ইসলাম মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ইসলামী ফ্রন্টের মহানগর শাখার এক ব্রিফিংয়ে যুগ্ম মহাসচিব অধ্যাপক এম এ মোমেন বলেন, “হেফাজতে ইসলাম হচ্ছে হেফাজতে জামাতে ইসলাম। খারেজী-ওহাবী-কওমীরা বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করে জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্ঠা চালিয়ে আসছে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এম এ মোমেন বলেন, “পাকিস্তান আমলে তারা (হেফাজতে ইসলামের নেতারা) নেজামে ইসলামী পার্টি করেছিল। পরবর্তী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুসলিমলীগ, জামাতে ইসলামীর পাশাপাশি তারাও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। সেদিন মুফতী আহমদ শফীরা মুজাহিদ বাহিনী গঠন করে রাজাকারের মত একই কর্ম সম্পাদন করেছিল।”
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বিরুদ্ধে এর আগে একাত্তরে মুজাহিদ বাহিনী গঠন করে পাকিস্তানি সেনা ও রাজাকারদের সহায়তা করার অভিযোগ এনেছিল বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটও।
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
এদিকে হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ফ্রন্টের সাংগঠনিক সচিব মাওলান আ. ন. ম মাসউদ হোসাইন আলকাদেরী, মুফতি মাওলানা মাহমুদুল হাসান আনছারী, অধ্যক্ষ আবু জাফর হেলাল উদ্দিন, মুহাম্মদ আবদুল হাকিম, ছাত্রসেনার সভাপতি আবু নাছের মোহাম্মদ মুসা, মহানগর ছাত্রসেনার সাধারন সম্পাদক কাউসার আহমদ, শাহজালাল, মোহাম্মদ মোবারক হোসেন, মুহাম্মদ মুহিব্বুল্লাহ, ইমরান হোসাইন তুষার।
