২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে অবরোধে হেফাজত প্রতিহতের হরতাল

মিছিল-সমাবেশ ও রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে রাজধানীতে হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে হরতাল ও অবরোধ চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 12:16 PM

Updated : 13 Oct 2022, 02:49 PM

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে ২৪ ঘণ্টা। আর হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে অবরোধ শেষ হবে শনিবার বিকাল ৪টায় শাহবাগের সমাবেশের ঠিক আগ মুহূর্তে।

শাহবাগ ও রাজধানীর পাঁচটি প্রবেশ পথে অবস্থান নিয়ে সন্ধ্যা ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু করে গণজাগরণ মঞ্চ। শাহবাগে রাতভর চলছে জামায়াত ও হেফাজতে প্রতিরোধের স্লোগান।

হরতালের সমর্থনে টিএসসি থেকে বিকাল ৫টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটির বিক্ষোভ মিছিল বের হয়।এদিকে হরতালের সমর্থনে মিছিল হয়েছে শাহবাগ এলাকায়ও।

পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় গণতান্ত্রিক লীগের নেতাকর্মীরা।

হরতাল আহ্বানকারী সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে হরতালের সমর্থনে মশাল মিছিল বের হয়।

একই সময় দেশের সব বিভাগীয় শহরসহ সাড়ে তিনশ’ উপজেলায় হরতালের সমর্থনে মশাল মিছিল হয় বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জানান।

হরতাল সমর্থকদের মিছিল থেকে ‘সাম্প্রদায়িকতার লং মার্চ মানি না’, ‘হেফাজতের লং মার্চ মানি না/জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ কর, করতে হবে’- স্লোগান দেয়া হয়।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সন্ধ্যা ৬টার কয়েক মিনিট আগে জাগরণ মঞ্চ থেকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান। এরপর সেখানে সমবেত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

হেফাজতে ইসলামীর লংমার্চ প্রতিরোধে সন্ধ্যা থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, যাত্রাবাড়ী চৌরাস্তা, টঙ্গী চৌরাস্তা, আশুলিয়া ও কমলাপুর রেল স্টেশন অবরোধ করেছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

বিকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘাট শ্রমিকরা অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয়। রাত সাড়ে ৮টার দিকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের একদল প্রতিনিধি সদরঘাট লঞ্চ টার্মিনালে যান। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে হেফাজত সমর্থকদের ঘাট থেকেই ফিরিয়ে দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

Image
লংমার্চ প্রতিহত করার জন্য শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাবের সামাবেশ করে।

লংমার্চ প্রতিহত করার জন্য শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাবের সামাবেশ করে।

শ্রমিকদের উদ্দেশে ইমরান বলেন, “যারা হেফাজতে ইসলামের লংমার্চে আসবে তাদের আপনারা ঘাট থেকেই ফিরিয়ে দেবেন। কারণ হেফাজতে ইসলামের নামে তারা মূলত যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জামায়াত-শিবিরের হয়ে কাজ করছে।”

‘উগ্রপন্থী’ এই গোষ্ঠী জামায়াত-শিবিরকে রক্ষা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

গণজাগরণ মঞ্চের সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক জানান, মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ প্রতিনিধিরা সদরঘাট ছাড়াও আব্দুল্লাহপুরে অবরোধস্থলে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অবরোধ সফল করার আহ্বান জানানো হয়।

লংমার্চ এবং হরতাল-অবরোধের ঘোষণার মধ্যে সহিংসতার আশঙ্কায় রাজধানীর সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল এক প্রকার বন্ধ রয়েছে সকাল থেকেই। ঢাকার বাইরে থেকেও কোনো বাস রাজধানীতে আসেনি।

হরতাল ও অবরোধ শুরুর পর সন্ধ্যা থেকেই রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি হালকা যানবাহন চলাচলও কমে আসে।

রাত ৭টার দিকেই নগরীর বিভিন্ন সড়কে বেশ কিছু রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেলেও রাস্তাগুলো প্রায় ফাঁকাই থাকে।

মহাখালী বাস টার্মিনালে আড্ডারত পরিবহন শ্রমিক মো. মফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য হরতালে গাড়ি কম ছাড়লে বা না ছাড়লেও টার্মিনালে যাত্রীদের ভিড় থাকে। কিন্তু আজ এখানে মাছিও নাই। বাস চালাবো কিভাবে?”

Image
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে শুক্রবার শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করে গণজাগরণ মঞ্চ।

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে শুক্রবার শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করে গণজাগরণ মঞ্চ।

গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও একই চিত্র দেখা যায়।

কমলাপুর রেল স্টেশন থেকেও সন্ধ্যার পর কোনো ট্রেন সময়মতো ছেড়ে যেতে পারেনি বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মো. খায়রুল বশীর।

রেলস্টেশনে কিছু যাত্রী থাকলেও কাউন্টারের সামনে টিকেট করতে আসা মানুষের পাশাপাশি টিকেট ফেরত দিতে আসা মানুষের সারিও দেখা যায়।

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শুক্রবার ঢাকামুখী লংমার্চ এবং শনিবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।

হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার এই হরতাল করছে। বামপন্থী দলগুলোও এতে সমর্থন দিয়েছে।

আর হেফাজতের কর্মসূচি প্রতিহত করতে গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে বিকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকর্মীরা। সকাল থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে যান চলাচলও কার্যত বন্ধ রয়েছে।

হরতালের সমর্থনে মশাল মিছিল হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। সন্ধ্যা সোয়া ৬টায় নগরীর জামালখান প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

হরতালের সমর্থনে বিকাল ৩টা থেকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নগরীর সিটি গেইটে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ঘাতক দালাল নির্মূল কমিটি।