২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অরাজকতা হলে হেফাজতকে ছাড় নয়’

জামায়াত-বিএনপিকে রক্ষায় হেফাজতে ইসলাম অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ‘আলেম’ বলে তাদের ছাড় দেয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 07:44 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় হেফাজত কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “হেফাজতে ইসলাম জামায়াত-বিএনপির হেফাজতে আছে। তাদের হেফাজতে থেকে তারা দেশে সন্ত্রাস-অরাজকতা সৃষ্টি করতে চাইলে আগামীকাল তাদের ছাড় দেয়া হবে না।

চট্টগ্রাম থেকে লংমার্চ করে এসে শনিবার রাজধানীর মতিঝিলে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে চট্টগ্রামভিত্তিক হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

কামরুল বলেন, “যতই নিজেদের আলেম বলেন, আপনারাও ব্যবহৃত হতে পারেন। আপনারা যদি জেনে শুনে ব্যবহৃত হন তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

বিএনপি মহাসচিবের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি মহাসচিব গতকাল যে ভাষায় কথা বলেছেন, তাতে স্পষ্ট বোঝা যায় হেফাজতের কর্মসূচীতে তারা অরাজকতা সৃষ্টি করবে।”

হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

আর যাদের বিরুদ্ধে হেফাজতের এই কর্মসূচি, সেই ব্লগারদের মাধ্যমে শুরু হওয়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে।

আইন প্রতিমন্ত্রী বলেন, “আমরা সবাই মাওলানা শফী সাহেবকে (হেফাজতে ইসলামের আমির) শ্রদ্ধা করি, তিনি বুজুর্গ ও পরহেজগার মানুষ। কিন্তু তার আশপাশে যারা আছে তারা জামায়াতের কাছে বিক্রি হয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।”

মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আলোচনা সভায় বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত এবং প্রতিহত করতেই খালেদা জিয়া ও জামায়াত অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।

‘মোহাম্মদ জিল্লুর রহমানের স্মরণসভা ও হেফাজতে ইসলামের আড়ালে জামায়াত-শিবির ও বিএনপির দেশবিরোধী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’।

আলোচনা সভায় অন্যদের মধ্যে ব্যারিস্টার এম আমীরুল ইসলাম, সতীশ চন্দ্র রায় ও হাজী মো. সেলিমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আলোচনায় অংশ নেন।

ব্যারিস্টার এম আমীরুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের সময় যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম তারাই আজকের এ পরিস্থিতি সৃষ্টি করেছে।”

বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত সরকারের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, “প্রতিদিন জনগণের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে ‘প্রেসনোট’ আকারে পরিস্থিতি জানিয়ে বক্তব্য দেয়া হোক।”