কাওড়াকান্দি-মাওয়া নৌ চলাচল বন্ধ
হেফাজতের লংমার্চ প্রতিরোধে কয়েকটি সংগঠনের ডাকা হরতাল ও অবরোধ শুরুর আগেই মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়ার দিকে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই নৌপথে কেবল দুটি ফেরি পারাপার হতে দেখা গেছে। ঘাটের দুপাশে পারাপারের জন্য যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় অনেক কম।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ঘাটে ভিড়তে দেখা যায়নি। আশেপাশের এলাকা থেকে ছেড়ে আসা কিছু বাস ঘাটে এলেও ফেরি পারাপারে অনিশ্চয়তার কারণে নিকটবর্তী এলাকার যাত্রীদের অনেককেই ফিরে যেতে দেখা যায়। ঘাট থেকে স্পিডবোটও চলছে না।
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শুক্রবার লংমার্চ নিয়ে ঢাকায় যাওয়ার কথা রয়েছে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠনের। শনিবার ঢাকার মতিঝিলে তাদের সমাবেশ করার কথা রয়েছে।
হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলোও।
এদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষ থেকেও শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।
কাওড়াকান্দি ঘাট স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফাজতে ইসলামের লংমার্চের জন্য নয়, যাত্রী সঙ্কটের কারণে আমরা স্পিডবোট চালাচ্ছি না। তবে যাত্রী পেলে চালাব।”
কাওড়াকান্দি ঘাট লঞ্চ মালিক সমিতির নেতা মনির হোসেন জানান, ‘যাত্রী না থাকায়’ তারা লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক এমএ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ফেরি বন্ধ করি নাই। এখন পাবলিক যদি না আসে তাহলে আমরাতো খালি ফেরি চালাব না।”
কাওড়াকান্দি ঘাটে দায়িত্বরত মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, যাত্রীদের চাপ কিছুটা কম হওয়ায় নিয়মিত ফেরি চলছে না। তবে কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখেনি।
