রেলে নাশকতা: গ্রেপ্তারে সময় ৪৮ ঘণ্টা
বগুড়ায় রেল লাইনে নাশকতা ও রাজশাহীতে পুলিশ সদস্য জাহাঙ্গীরের উপর হামলায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
দুটি জাতীয় দৈনিকে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে পৃথক আদেশে এই নির্দেশ দেয়।
রাজশাহী ও বগুড়ার এই দুই ঘটনার পাশাপাশি কুমিল্লায় রেল লাইনের ফিসপ্লেট খুলে নেয়ার ঘটনায় এ পর্যন্ত কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে এই সব তথ্য জানাতে হবে।
এই তিন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছে আদালত।
ফাইল ছবি
গত দুই এপ্রিল ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও ডেইলি সান পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদন আমলে নিয়ে আদেশ দেয় আদালত।
গত সোমবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় শিবিরের হামলার গুরুতর আহত বোয়ালিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম। শিবিরকর্মীরা তাকে রাস্তায় ফেলে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায।
পরদিন মঙ্গলবার রাতের কোনো এক সময় লাইনের ফিসপ্লেট খুলে ফেললে তূর্ণা নিশিথার ইঞ্জিনসহ সাতটি বগি লাইন থেকে বেরিয়ে উল্টে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।
এতে আহত হন অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় অন্তত দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয় এবং বিলম্বিত হয় বেশ কয়েকটি ট্রেন। পরে পুলিশ এ নাশকতায় জড়িত সন্দেহে ইসলামী ছাত্র শিবিরের ১৬ কর্মীকে গ্রেপ্তার করে।
ইসলামী ছাত্রশিবিরের হরতালকারীরা বুধবার বগুড়ায় আধা কিলোমিটারজুড়ে রেল লাইনের প্যাডেল ক্লিপ খুলে ফেলে। এতে ওইদিন ভোররাত থেকে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
