প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাত
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, চীনা রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
আগামী জুন মাসে চীনের কুনমিংয়ে হতে যাওয়া প্রথম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপোতে চীনা রাষ্ট্রপতির পক্ষ থেকে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান লি জুন।
এসময়, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সরকার ও প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন চীনের রাষ্ট্রদূত।
বাংলাদেশের উন্নয়নে চীনের অংশগ্রহণের কথাও প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।
বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাত, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন খাতে চীনের আরো বিনিয়োগের কথাও বলেন শেখ হাসিনা।
এসময়, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
