লংমার্চ নিয়ন্ত্রণের বাইরে গেলে পদক্ষেপ
হেফাজতে ইসলামের লংমার্চ সরকারের নিয়ন্ত্রণের বাইরে গেলে ‘যথাযথ’ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়াসহ আরো কয়েকটি দাবিতে লংমার্চ করে আগামী ৬ এপ্রিল রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের এই কর্মসূচির প্রতি ‘নৈতিক’ সমর্থন দিয়েছে বিএনপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রমাণ পেয়েছি যে জঙ্গিবাদী জামায়াত-শিবির ও বিএনপি হেফাজতে ইসলামের ভেতরে রয়েছে।”
হেফাজতের সঙ্গে শিবির-বিএনপি রয়েছে এটা জানার পরেও কেন সমাবেশের অনুমতি দেয়া হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি এলাকা নির্দিষ্ট করে তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
“আমরা তাদের সাবধান করে দিয়েছি জঙ্গিবাদী জামায়াত-শিবিরের দূর্বত্তরা যেন না ঢুকতে পারে, এটা তাদের খেয়াল রাখতে হবে। তারা যদি তাদের আশ্রয় পায় এ দায়িত্ব তাদের বহন করতে হবে।”
সবারই সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।
হেফাজতে ইসলাম তাদের ঢাকামুখী লংমার্চ থেকে শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কিছু করবেন না বলেও আশা করেন তিনি।
নৌমন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতিও উপস্থিত ছিলেন।
