২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ শর্তে হেফাজতকে সমাবেশের অনুমতি

হরতাল ও গণজাগরণ মঞ্চের প্রতিরোধের ঘোষণার মধ্যেই রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে হেফাজতে ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম থেকে লংমার্চ করে ঢাকায় এসে শনিবার মতিঝিলে সমাবেশ করতে হবে হেফাজতকে। তবে সমাবেশের অনুমতির সঙ্গে তাদের ১২টি শর্তও জুড়ে দিয়েছে পুলিশ।

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবিতে এই কর্মসূচি পালন করছে চট্টগ্রামভিত্তিক হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলো।

হেফাজতে ইসলাম রাজধানীর তিনটি স্থান মানিক মিয়া অ্যাভিনিউ, পল্টন ময়দান ও শাপলা চত্বরের যে কোনো একটিতে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে হেফাজত।  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেফাজতে ইসলামকে শনিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বর এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

হেফাজতকে ১২টি শর্তে তাদের এই অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।

সমাবেশ করতে হবে শাপলা চত্বর থেকে আরামবাগ রোড হয়ে ফকিরাপুল ক্রসিং পর্যন্ত এলাকার মধ্যে। এই স্থানের বাইরে মাইক ব্যবহার করা যাবে না।

সমাবেশে ‘রাজনৈতিক’ কোনো বক্তব্য না দিতেও সংগঠনটিকে শর্ত দিয়েছে পুলিশ।

নির্ধারিত স্থানের বাইরে যান ও জন চলাচলে বাধা না দিতে হেফাজতকে বলা হয়েছে।

হেফাজতের ঢাকা মহানগরীর সদস্য সচিব জুনায়েদ আল হাবীব গত ৩০ মার্চ সমাবেশের এই আবেদন করেন। পুলিশ কমিশনারের পক্ষে উপ কমিশনার (সদর) আনোয়ার হোসেন তাদের অনুমতি দেন।   

লংমার্চের বিষয়ে হেফাজতে ইসলাম বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনও করেছে।

তারা হুমকি দিয়েছে, ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ অন্যদের ডাকা হরতাল প্রত্যাহার করা না হলে রোববার থেকে তারা লাগাতার হরতাল শুরু করবে।

পুরনো খবর:

বিএনপি-জামায়াতের ফাঁদে হেফাজত: তথ্যমন্ত্রী
লাগাতার হরতালের হুমকি হেফাজতের
হেফাজতের বিরুদ্ধে হরতাল সফল করার আহ্বান