হেফাজতের বিরুদ্ধে হরতাল সফল করার আহ্বান
হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের প্রতিবাদে ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল সফল করতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনগুলো।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “যদিও আমরা হরতালের সংস্কৃতিতে বিশ্বাস করি না, তবুও জামায়াত-শিবিরের চক্রান্তে বেড়াজালে জড়িয়ে পড়া হেফাজতে ইসলাম নামের সংগঠনের কোটি কোটি টাকা ব্যয়ে আয়োজিত লংমার্চের প্রতিবাদে শান্তিপূর্ণ হরতাল পালনে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।”
“দেশের চলমান সংকট ও জটিল পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদ ও সমাজের প্রতি দায়বদ্ধ সংগঠন হিসেবে আমরা নীরব থাকতে পারি না।”
বুধবার রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবি সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার এ হরতাল ডাকে।
সেক্টর কামান্ডার্স ফোরাম এ হরতালে সমর্থন জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
লংমার্চের এ কর্মসূচিকে বিএনপি-জামায়াতের সমর্থনপুষ্ট বলে দাবি করেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
“আপাত দৃষ্টিতে তাদের কর্মসূচি দলনিরপেক্ষ মনে হলেও এর পেছনে জামায়াত-শিবিরের প্রত্যক্ষ ইন্ধন ও অংশগ্রহণ স্পষ্ট। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় জোট হেফাজতে ইসলামের কর্মসূচিকে সমর্থন দেওয়ায় এটি আর নিরদলীয় কর্মসূচি বলার সুযোগ নেই।”
কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া হেফাজতে ইসলাম জামায়াত-শিবিরের সঙ্গে সুর মিলিয়ে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের ‘নাস্তিক ও ধর্মবিরোধী’ আখ্যা দিয়ে উস্কানিমূলক বক্তব্য ও নানা ধরনের কর্মসূচি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
“দেশের প্রতিষ্ঠিত আলেম-ওলামারা হেফাজতে ইসলামের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি আশঙ্কা প্রকাশ করেছেন যে, জামায়াত-শিবির ও জঙ্গি গোষ্ঠী লংমার্চের সঙ্গে মিশে হত্যাকাণ্ডসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে; গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দিতে পারে।”
হরতাল সফল করতে ও স্বাধীনতা বিরোধীদের রুখতে তৃণমূল পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
জামায়াত-শিবির নিষিদ্ধে ও হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি রোধে এ পর্যন্ত সরকারের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ হয়েই এ হরতাল ডাকা হয়েছে বলে জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
হেফাজতে ইসলামের কর্মসূচির নামে যাতে কোনো নাশকতা না করতে পারে তা রোধে সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবিও করেন তিনি।
“তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবে এ গ্যারান্টি কে দিয়েছে? ইতোমধ্যে শান্তিপূর্ণভাবে রেল পুড়িয়েছে, বাস ভাংচুর করেছে, নাশকতা চালিয়েছে তারা; মওদুদীবাদী ইসলামের নামে এ ধরনের তাণ্ডব মোকাবেলায় সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
হরতাল আহ্বানকারী অন্য সংগঠনগুলো হচ্ছে, প্রজন্ম একাত্তর, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি, জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ হাক্কানী খানকা শরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশ চারু শিল্পী সংসদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, একাত্তর ফাউন্ডেশন, আলতাফ মাহমুদ ফাউন্ডেশন ইত্যাদি।
এসব সংগঠনের নেতারাদের অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল করে তারা।
বুধবার রাতে এ ২৫টি সংগঠন হরতাল আহ্বান করে। বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হয় যৌথ সংবাদ সম্মেলনে।
