২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সারাদেশে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে সেক্টর কমান্ডার্স ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, “আগামীকাল সকাল সাড়ে ১০টায় টিএসসিতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।”

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে লংমার্চ করে আগামী ৬ এপ্রিল রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

হেফাজতে ইসলামের সব দাবি ও কর্মসূচির প্রতি ‘নৈতিক’ সমর্থন দিয়েছে বিএনপিও।

হরতাল কর্মসূচি প্রসঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জানান, তারা হেফাজতের লংমার্চ প্রতিহত করতেই হরতাল ডেকেছেন। তবে হরতাল হবে শান্তিপূর্ণ।

এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হেফাজতে ইসলামীর লংমার্চ নিয়ে কোনো ‘বিশৃঙ্খলা’ হলে তার দায় খালেদা জিয়াকে নিতে হবে বলে জানিয়েছেন।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চ ইসলামের দৃষ্টিতে ‘শিরকী, হারাম ও বেদাত’ কর্মসূচি বলে মন্তব্য করে তা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুতুববাগ দরবার শরিফ ফার্মগেট শাখার খলিফা হায়দার আলী চৌধুরী।