২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২

আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার সন্ধ্যায় যন্ত্রকৌশল বিভাগের ছাত্র হিমেল আহম্মেদ ও রেজওয়ানুল ইসলাম রোজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহত রাজন ইসলাম রাজু ও আশিক হোসেনকে রুয়েট চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জিয়াউর রহমান আবাসিক হল ছাত্রলীগের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিমেল আহম্মেদ ও একই বিভাগে রেজওয়ানুল ইসলাম রোজের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয়ের অন্তত ৩০-৪০ জন সমর্থক জড়ো হয়ে রড, হকস্টিক ও লাঠিসোটা সংঘর্ষ জড়িয়ে পড়ে।

পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা ওই হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রুয়েট ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপক্ষের মধ্যে ভুল বুঝাবুঝিতে এই ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।”

রুয়েটের উপাচার্য অধ্যাপক মত্তুজা আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

গত বছরের ১৬ মার্চ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আব্দুল আজিজ নামের তাদের এক কর্মীর মৃত্যু হয়।