চট্টগ্রামে মা-ছেলে-মেয়ে হত্যা মামলায় অভিযোগ গঠন
চট্টগ্রামের পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকায় মা ও তার দুই ছেলে-মেয়েকে খুনের ঘটনায় গৃহশিক্ষক তারেক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে অভিযোগ গঠন করেন।
আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে আদালত।
চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মা ও দুই শিশু সন্তানকে খুনের ঘটনা অত্যন্ত জঘন্য অপরাধ। আদালত শুনানি শেষে একমাত্র আসামি তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
গত বছরের ২৩ অক্টোবর নগরীর খতিবের হাট এলাকার ‘মা-মনি ভিলা’ ভবনের পঞ্চম তলার বাসায় খুন হয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী ডলি আক্তার (৩০) এবং তার ছেলে আলভী (১০) ও মেয়ে আদিবা পায়েল (৬)।
মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোলায়মান এ বছরের ২৬ ফেব্রুয়ারি গৃহশিক্ষক তারেককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ৪৪ জনকে সাক্ষী করা হয়।
আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া গৃহশিক্ষক তারেক এর আগে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের জন্য বুধবার আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। পাশাপাশি অভিযোগপত্রে উল্লেখিত আসামির বয়স ‘ভুল’ দাবি করে সঠিক বয়স নির্ধারণেরও আবেদন করা হয়।
অবশ্য আদালত এদিন এসব আবেদনের বিষয়ে কোনো নির্দেশ দেয় নি।
ওই হত্যাকাণ্ডের দুইদিন পর পুলিশ গৃহশিক্ষক তারেককে গ্রেপ্তার করে। পরে তিনি পুলিশের কাছে তিন জনকে খুনের কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দিও দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ঘটনাস্থল থেকে পাওয়া পায়ের ছাপ ও তারেকের ডিএনএ নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
