২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিচারপতিকে বিরত রাখতে আবেদন কাদেরের

আপিল বিভাগের দুই বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার আবেদন করেছে কাদের মোল্লা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন এই আবেদন দাখিল করেছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

ওই দুই বিচারপতি হচ্ছেন, বিচারপতি এস কে সিনহা, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

আবেদনে কথিত স্কাইপি কথোপথনে জড়িত থাকার অভিযোগ আনা হয় বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে।

অন্যদিকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিষয়ে তাজুল ইসলাম বলেন, “আবেদনে বলেছি, গত বছরে এই বিচারপতি লন্ডনে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সভায় যুদ্ধাপরাধীদের ফাঁসি চেয়ে বক্তব্য দিয়েছেন। এ কারণে আমরা এই আবেদন করেছি।”

গত রোববার আপিল বিভাগের বিচারপতি হিসাবে চার বিচারপতি শপথ নেন। এই নিয়োগের পর ওইদিনই প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আপিল বিভাগে দুইটি বেঞ্চ গঠন করে দেন।

এর একটিতে নেতৃত্ব দিচ্ছেন প্রধান বিচারপতি নিজেই। এই বেঞ্চের অন্য পাঁচ বিচারপতি হলেন, বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এই বেঞ্চেই সোমবার থেকে প্রতিদিন কার্যতালিকায় আসে যুদ্ধাপরাধী কাদের মোল্লার মামলার আপিল, যা নিয়ে আপিল বিভাগে দুইদিন শুনানিও হয়েছে।

বিচারপতি নাজমুন আরা সুলতানা নেতৃত্বাধীন অপর বেঞ্চে রয়েছেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

একাত্তরে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হলেও সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ না আসায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেওয়ায় গত ৩ মার্চ সুপ্রিম কোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা।

আইনে আপিল বিভাগে ৬০ দিনের মধ্যে এই ধরনের আপিলের নিষ্পত্তির বিধান রয়েছে।

ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

এর মধ্য দুটি অভিযোগে কাদের মোল্লার ১৫ বছর করে কারাদণ্ড হয়। আর অন্য দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আগে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের বিধান ছিল না। শুধু যে কোনো খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল রাষ্ট্রপক্ষের।

আইনের এ অসামঞ্জস্যতা দূর করতে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাস করা হয় ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’। এতে উভয় পক্ষেরই আপিলের সুযোগ তৈরি হয়।