২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগারদের মুক্তি দাবি সাবেক ছাত্রনেতাদের

গ্রেপ্তার ব্লগারদের মুক্তি দিয়ে দৈনিক আমার দেশ পত্রিকাসহ সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার এক যুক্ত বিবৃতিতে আশি ও নব্বই দশকের ছাত্রনেতারা বলেন, “জামায়াত-শিবির ও তাদের ছদ্মবেশী দালালদের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করে গত কয়েকদিন ধরে মুক্তমনা ব্লগারদের গ্রেপ্তার-হয়রানি, ব্লগ বন্ধ ও সুষ্ঠু মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।”

স্বাধীনতাবিরোধীদের চাপের মুখে সরকার সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ অবস্থান থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে অবিলম্বে গ্রেপ্তার ব্লগারদের মুক্তি দেয়ার দাবি জানান সাবেক ছাত্রনেতারা।

এছাড়া অবিলম্বে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, “স্বাধীনতাবিরোধী ও সারা দেশে নাশকতাকারী জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করে দেশকে যুদ্ধাপরাধী চক্রের তাণ্ডবলীলা থেকে মুক্ত করতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেনের পাঠানো ওই বিবৃতিতে সাবেক ছাত্রনেতাদের মধ্যে আনোয়ারুল হক, সাইফুল হক, মিজানুর রহমান ‍মানু, আসাদুল্লাহ তারেক, শফি আহমেদ, রুহিন হোসেন প্রিন্স, রাগীব আহসান মুন্না, বেলাল চৌধুরী, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, শহীদুল ইসলাম, সুজাউদ্দিন জাফর, আশরাফুল হক মুকুল, ফিরোজ কবির, রাজেকুজ্জামান রতন, আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, সাইদুর রহিম বিটুল, হাসান তারিক চৌধুরী, জায়েদ ইকবাল খান, শরীফুজ্জামান শরীফ প্রমুখ সই করেছেন।

হেফাজতে ইসলামী নামের একটি সংগঠন দাবি তোলার পর লেখালেখিতে ধর্ম অবমাননার অভিযোগে সোমবার তিন ও বুধবার এক জন ব্লগারকে গ্রেপ্তার করেছে পুলিশ।