২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির হাতে বিএসএফ আটক

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের এক সদস্যকে চুয়াডাঙ্গা সীমান্তে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 07:32 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

অনুপ্রবেশ করায় বুধবার সকাল ৮টার দিকে অস্ত্রসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খবির সরকার। 

আটক বিএসএফ সদস্যের নাম সুরেং (৩২)। তিনি মুন্সীপুরের ওপারে ভারতের মহাখোলা ক্যাম্পের ৯২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

বিজিবি কর্মকর্তা খবির সাংবাদিকদের জানান, সকালে দামুরহুদার মুন্সীপুর সীমান্তের ৯২ নম্বর পিলারের কাছ দিয়ে সুরেং বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন।

তখন স্থানীয়দের সহযোগিতায় বিএসএফের ওই সদস্যকে আটক করে বিজিবি।

সুরংকে বিজিবির মুন্সীপুর ক্যাম্পে রাখা হয়েছে। বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হতে পারে বলে জানান খবির সরকার।

এদিকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।  

মঙ্গলবার মধ্যরাতে রানীনগর সীমান্তের ২৯৮/৩এস পিলারের ভারতীয় সীমানা থেকে নবাব আলী (৩২) নামে ওই ব্যক্তিকে ধরে নেয়া হয় বলে বিজিবরি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিজানুর রহমান জানিয়েছেন।

বিরামপুর উপজেলার মকসেদ আলীর ছেলে নবাব এখন ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন বলে বিজিবি খবর পেয়েছে।

বিজিবি কর্মকর্তা মিজান বলেন, বুধবার সকালে এনিয়ে পতাকা বৈঠক হয়েছে। তবে বিএসএফ অভিযোগ করেছে, নবাব আলী মাদক আনতে অবৈধভাবে ভারতে ঢুকেছিল।