২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয় মিললো ভেসে ওঠা ১২ লাশের

কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে জাহাজ খাঁড়ি থেকে উদ্ধার করা ১৮ জেলের লাশের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের সবার বাড়িই চট্টগ্রামের বাশখালী উপজেলায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 05:23 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

কুতুবদিয়া থানার ওসি আবুল কালাম জানান, বুধবার সকাল ছয়টায় মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালে আনার পর স্বজনরা ১২টি লাশ সনাক্ত করেন।

মঙ্গলবার রাতে কুতুবদিয়া থানা পুলিশের কাছে ১৮টি লাশ হস্তান্তর করে নৌবাহিনী। সেখান থেকে ভোরে লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

এর আগে স্থানীয় জেলেরা সোমবার সন্ধ্যায় তিনটি লাশ উদ্ধার করেছিলেন, যাদের বাঁশখালীতে দাফন করা হয়েছে।

কক্সবাজারে আনা ১৮টি মৃতদেহের মধ্যে যে ১২জনের পরিচয় পাওয়া গেছে তারা সবাই বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা।

তারা হলেন, সিরাজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), আবু তাহেরের ছেলে মোহাম্মদ খলিল (২০), আবু ছিদ্দিকের ছেলে আবদুর রহিম (১৫), বদিউল আলমের ছেলে আবদুল নুর (২০), এজাহার মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৪), হাবিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৪), জাফর আহমদের ছেলে মিজানুর রহমান (১৮), আহমদ ছফার ছেলে ফখরুল আনোয়ার (২৫), হাসান আলীর ছেলে সাকের উল্লাহ (৪০), ফরিদ আহমদের ছেলে রফিকুল ইসলাম (২৩), কবির আহমদের ছেলে আবদুল আলম (১৮) ও এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ শকির (২৫)।

কক্সবাজারের সহকারি পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্ত শেষে ১৮টি মৃতদেহই বাঁশখালীতে পাঠানো হবে।

“যে কয়টি ‍মৃতদেহের পরিচয় সনাক্ত হয়নি সেগুলো এলাকায় গেলে সনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।”

জলদস্যূরা ট্রলারে উঠে এলোপাতাড়ি কুপিয়ে জেলেদের আহত করে সাগরে ফেলে দিয়েছে বলে দাবি করেন নিহত জাহাঙ্গীর আলমের ভাই রবিউল আলম।

তিনি বলেন, “জীবিত ফেরত আসা মাঝি নুর হোসেন আমাদের এরকমই বলছে।”

জেলেরা জলদস্যূদের চিনে ফেলায় তাদের হত্যা করা হয়েছে বলে মনে করছেন নিহতদের স্বজনরা।

তারা প্রশাসনের কাছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন।

এদিকে এই ঘটনায় মঙ্গবার বিকালে নিহত এক জেলের ভাই শাহাব উদ্দিন বাদি হয়ে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

গত ২৫ মার্চ সাগরে তিনটি জেলেনৌকা আল্লার দান, আল মক্কা ফিশিং ও আল্লাহ মালিক জলদস্যুদের কবলে পড়ে। অপহরণ করা হয় জেলেদের।

স্থানীয়দের দাবি, তিনটি নৌকায় মোট ৩৪ জন জেলে ছিলেন, যার মধ্যে তিনজন আহতাবস্থায় ফিরে আসে।

এরপর সোমবার সাগরে লাশ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

বঙ্গোপসাগরে নিহত জেলেদের লাশ উদ্ধারের পর এখন দস্যু দমনে বিশেষ অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও কোস্ট গার্ড।

পুরনো খবর:

সাগরে ২১ লাশ, দস্যু দমনে বিশেষ অভিযান