সাগরে ২১ লাশ, দস্যু দমনে বিশেষ অভিযান
বঙ্গোপসাগরে নিহত জেলেদের লাশ উদ্ধার এবং দস্যু দমনে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুর পর্যন্ত কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে জাহাজ খাঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে আরো ১৮টি লাশ।
এ নিয়ে সোমবার থেকে মোট ২১ জেলের লাশ উদ্ধার করা হলো বলে নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
কোস্ট গার্ডের চট্টগ্রাম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “পরিস্থিতি বিবেচনা করে জলদস্যু দমনে নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান শুরু করেছে।”
নৌবাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক এম সোহায়েলও বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, এই অভিযানে নৌবাহিনীর জাহাজ বিএনএস মেঘনা, বিএনএস বরকত, বিএনএন নির্ভয়, বিএনএস সাঙ্গু, বিএনএস ওমার ফারুক ও বিএনএস সাগর এবং ছয়টি উচ্চ গতির বোট ব্যবহার করা হচ্ছে।
এছাড়া কোস্ট গার্ড তাদের নৌযান নিয়ে এ কাজে সহায়তা দিচ্ছে।
গত ২৫ মার্চ সাগরে তিনটি জেলেনৌকা আল্লার দান, আল মক্কা ফিশিং ও আল্লাহ মালিক জলদস্যুদের কবলে পড়ে। অপহরণ করা হয় জেলেদের।
স্থানীয়দের দাবি, তিনটি নৌকায় মোট ৩৪ জন জেলে ছিলেন, যার মধ্যে তিনজন আহতাবস্থায় ফিরে আসে।
এরপর সোমবার সাগরে লাশ ভেসে ওঠার খবর পাওয়া যায়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় জেলেরা সোমবার সন্ধ্যায় শেখেরখিল থেকে অন্তত ২৫ কিলোমিটার গভীরে সাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে তিন জেলের লাশ উদ্ধার করে।
পরে কোস্ট গার্ড ও নৌবাহিনীও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত কুতুবদিয়ার ২০ মাইল পশ্চিমে সাগর থেকে উদ্ধার করা হয় আরো ১৮টি লাশ।
এর মধ্যে নৌবাহিনীর জাহাজ বিএনএস মেঘনা ১৪টি, বিএনএস বরকত তিনটি এবং বোট ডিফেন্ডার একটি লাশ উদ্ধার করে।
এই জেলেদের সবাই জলদস্যুদের হাতে খুন হয়েছেন বলে স্থানীয়দের ধারণা।
এম সোহায়েল বলেন, জেলেরা দাবি করেছে মোট তিনটি নৌকায় তাদের ৩৪ জন ছিলেন। তিনজন জীবিত অবস্থায় ফিরে এসেছেন। জেলেদের দাবি, আরো ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
“সে অনুযায়ী নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। একইসঙ্গে অপরাধীদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে। প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হচ্ছে।”
তিনি জানান, বুধবার বিকাল পর্যন্ত টানা অভিযান চলবে। তারপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বলেন, “উদ্ধার করা লাশ কুতুবদিয়া এলাকায় পুলিশের কাছে হস্তান্তর করার ব্যবস্থা হচ্ছে।”
