২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের কাছে সদস্যদের হালনাগাদ তালিকা চেয়েছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাসহ তাদের হালনাগাদ তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন জানান,  আসন্ন নির্বাচনের প্রাথমিক কাজ হিসেবে ভোটার তালিকা প্রস্তুতের জন্য সাংসদদের তালিকা চাওয়া হয়েছে। সংসদ সচিবালয় এ বিষয়ে ইসির চিঠি পেয়েছে বলে সকালেই জানিয়েছে।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান।

রাষ্ট্রপতির মৃত্যুতে এই পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে মো. জিল্লুর রহমানের মৃত্যুতে আগামী ১৯ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার আবদুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

চলতি সপ্তাহে বৈঠক করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাসহ নানা বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করার কথা রয়েছে।

স্পিকার ও সংসদ সচিবালয়ের সঙ্গে আলোচনা করেই নির্বচনী তফসিলের বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ ও এ আইনের বিধিমালা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার জাবেদ আলী।

৩০০ সংসদ সদস্যের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে কাজ করেন।

ইসি সংসদ সদস্যদের নাম, আসনক্রম, নির্বাচনী এলাকাসহ ভোটার তালিকা প্রকাশ করবে।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে হয়েছে। পরবর্তী সময়ে সরকার সমর্থিত দলের একক মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।